বাসস
  ০৫ মে ২০২৬, ১৭:৫৪
আপডেট : ০৫ মে ২০২৬, ১৮:০৯

ঢাকায় বাবর আজম

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মে ২০২৬ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। 

গত ৩ মে বাবর ও খুররম শাহজাদ ছাড়াই বাংলাদেশে আসে পাকিস্তানের টেস্ট দলের সদস্যরা। ঐদিন রাতে লাহোরে পাকিস্তান সুপার (পিএসএল) লিগের ফাইনাল খেলা ছিল বাবর ও শাহজাদের। টুর্নামেন্টের ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাবরের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। 

সদ্য শেষ হওয়া পিএসএলে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকে ৫৮৮ রান করেছেন তিনি। খুররম পেশোয়ারের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পান। 

এবারের বাংলাদেশ সফরে চার নতুন মুখ নিয়ে টেস্ট দল সাজিয়েছে পাকিস্তান। প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। 

৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান। 

পাকিস্তান টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।