শিরোনাম

ঢাকা, ৪ মে ২০২৬ (বাসস) : অফ-স্পিনার নাইম আহমেদের বোলিং এবং ওপেনার এনামুল হক বিজয়ের হাফ-সেঞ্চুরিতে আজ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। নাইম ৪ উইকেট নেন এবং এনামুল ৮০ রান করেন।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে, বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান পেসার রিপন মণ্ডলের তোপের মুখে পড়ে সিটি ক্লাব। অধিনায়ক মেহেদি মারুফ ১ ও মিজানুর রহমানকে খালি হাতে ফিরিয়ে দেন রিপন।
রিপনের সাথে উইকেট শিকারে মাতেন নাইমও। আব্দুল্লাহ আল মামুনকে ৬ রানে থামান তিনি। এতে ২৯ রানে ৩ উইকেট হারায় সিটি ক্লাব। এরপর ৭৫ রানের জুটি গড়েন ওপেনার সাদিকুর রহমান ও আহরার আমিন। ব্যক্তিগত ৩১ রানে আহরার রান আউট হলেও, হাফ-সেঞ্চুরি তুলে নেন সাদিকুর। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৬ রান করা সাদিকুরকে ফেরান নাইম।
দলীয় ১০৪ রানে সাদিকুর ফেরার পর সিটির হয়ে বড় ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ৩৭ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় সিটি। শেষ দিকে অনবদ্য ৩৫ রান করেন মোহাম্মদ এনামুল।
মোহামেডানের নাইম ২০ রানে ৪টি, রিপন ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
জবাবে ৩৫ রানে ২ উইকেট পতনের পর আফিফ হোসেনকে নিয়ে ৬৩ রান যোগ করেন বিজয়। ২৭ রান করে সাজঘরে ফেরেন আফিফ। তবে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮০ রানে থামেন বিজয়। ৮৮ বল খেলে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের ৩৪ ও ইয়াসির আলির অপরাজিত ৩৬ রানের সুবাদে ১০ বল বাকী থাকতে জয় পায় মোহামেডান। ম্যাচ সেরার স্বীকৃতি পান বিজয়।
সিটি ক্লাবের নিহাদুজ্জামান ২ উইকেট নেন।