বাসস
  ০২ মে ২০২৬, ২০:২২
আপডেট : ০২ মে ২০২৬, ২০:২৮

এল ক্লাসিকোতে খেলতে পারবেন না কারভাহাল, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ঢাকা, ২ মে ২০২৬ (বাসস) : পায়ের আঙুলে চোট পাওয়ায় আগামী ১০ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে খেলতে পারছেন না ডানি কারভাহাল। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ গণমাধ্যমের মতে, অভিজ্ঞ এই রাইট-ব্যাক প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শেষ লিগ ম্যাচে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তার ফেরার বিষয়ে কিছুটা আশাবাদ রয়েছে।

কারভাহালের এই অনুপস্থিতি এসেছে কঠিন সময়ে। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। শিরোপার আশা এখন অনেকটাই অনিশ্চিত। বার্সেলোনা যদি ওসাসুনাকে হারায় এবং মাদ্রিদ যদি এস্পানেয়লের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে এই সপ্তাহেই শিরোপা নিশ্চিত হতে পারে।

এই চোট কারভাহালের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের চুক্তি মৌসুম শেষে শেষ হচ্ছে। আগামী সপ্তাহের ম্যাচটি হতে পারত মাদ্রিদ জার্সিতে তার শেষ এল ক্লাসিকো।

ক্লাব ইতিহাসে অন্যতম সফল এই খেলোয়াড় রিয়াল ক্যারিয়রে ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জিতেছেন।

তবে ইনজুরিতে ভরা এই মৌসুমে তার খেলার সুযোগ সীমিত ছিল। নতুন এই চোট ২০২৬ বিশ্বকাপের জন্য স্পেন জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনাকেও আরও কমিয়ে দিতে পারে।