শিরোনাম

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ওয়েলসের সাবেক অধিনায়ক এ্যারন রামসে।
২০০৬ সালে লিগ ওয়ান ক্লাব কার্ডিফ সিটির হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন রামসে। এরপর একে একে খেলেছেন আর্সেনাল, জুভেন্টাস ও নিসে। ২০২৩-২৫ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে আবারও কার্ডিফে ফিরেছিলেন। সর্বশেষ মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএম’এর হয়ে খেলেছেন। গত বছর তার সাথে চুক্তি বাতিল করে ক্লাবটি।
এক বিবৃবিতে রামসে বলেছেন, ‘এটা কোন সহজ সিদ্ধান্ত ছিলনা। অনেক কিছু বিবেচনা করে আমি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
২০০৮ সালে ওয়েলসের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রামসের। এ পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ম্যাচে ২১ গোল করেছেন।
ক্যারিয়ার জুড়ে দারুন সহযোগিতার জন্য এ্যারন রামসে ওয়েলস ও ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন, ‘প্রথমত আমি ওয়েলস দিয়ে শুরু করতে চাই। ওয়েলসের জার্সি পড়ে মাঠে নামা সবসময়ই সম্মানের ছিল। এই জার্সিতে অসাধারণ কিছু স্মৃতি রয়েছে। যে সকল ম্যানেজারের অধীনে আমি খেলেছি তাদের সহযোগিতা না থাকলে আমি এতদুর আসতে পারতাম না, আমার ক্যারিয়ার এত সমৃদ্ধ হতো না। এজন্য সকল কোচ ও কোচিং স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই মিলে ওয়েলসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার করেছি। ক্যারিয়ারে চরাই-উতরাই থাকবেই, সেসবকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে গিয়েছি।
দ্বিতীয়ত যে ক্লাবগুলোতে খেলার সৌভাগ্য আমার হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সকল ম্যানেজার, সতীর্থ ও কোচিং স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ। তাদেরকে ছাড়া সর্বোচ্চ পর্যায়ে আমার এই স্বপ্নপূরণ হতোনা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রামসে তার পরিবারের কথাও উল্লেখ করেছেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ আমার স্ত্রী, সন্তান ও পুরো পরিবারের প্রতি। সারাটা সময় তারা আমার পাশে না থাকলে কিছুই করা সম্ভব হতোনা।’
এখানে উল্লেখ্য যে বাছাইপর্ব শেষে এবারের বিশ^কাপে যে ব্যর্থ হয়েছে ওয়েলস।