শিরোনাম

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): নারী টি-টোয়েন্টিতে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার।
এছাড়া নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের।
চলমান এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৬ রানে ২ এবং শ্রীলংকার বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন মারুফা। দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ৬২২ রেটিং নিয়ে তালিকার ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন মারুফা। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং এবং বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান।
শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন অফ-স্পিনার সুলতানা খাতুন। ৯ ধাপ এগিয়ে ৫৪০ রেটিং নিয়ে ৩৮তম স্থানে উঠেছেন তিনি।
ব্যাটিং তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে সোবহানা মোস্তারির। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪০ ও শ্রীলংকার বিপক্ষে ৩৪ রান করে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন তিনি।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৭ ও ২৬ রান করায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে দিলারা আক্তারের। ৬২তম স্থানে আছেন তিনি।
নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষ স্থান ধরে রেখেছেন।