বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ২০:১৮

প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল হাতে চমক সাইফ ও তাসকিনের

ফাইল ছবি

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদ।

৪টি চার ও ৮টি ছক্কায় ১৩৩ বলে ১৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ। বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। 

সাইফ-তাসকিনের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম ‘এ’ ১২৮ রানে হারিয়েছে টিম ‘বি’-কে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে থাকা খেলোয়াড়দের নিয়ে টিম ‘এ’ দল সাজানো হয়। 

প্রথমে ব্যাট করে সাইফের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পায় টিম ‘এ’। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন আফিফ হোসেন। তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে আসে ২৭ রান।

টিম ‘বি’র পেসার এবাদত হোসেন এবং অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত দু’টি করে উইকেট নেন।

২৯৩ রান তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে থাকা সৌম্য সরকার টিম ‘বি’র হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন। 

টিম ‘এ’র তাসকিন ৪টি, মেহেদী হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন।