বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার

ফাইল ছবি

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটে সীমিত ওভারের সিরিজ খেলতে আজ ঢাকায় প্রথম ধাপে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের তিন ক্রিকেটার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দলের বাকী ক্রিকেটাররা আজ রাত ১১টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

তিন সপ্তাহের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম সারির অন্তত ১০ জন খেলোয়াড়। এবারের সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। 

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল। 
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে । 

বুধবার মিরপুরে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।