শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামী জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
বিশ্বকাপের জন্য মোট প্রাইজমানি রাখা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। ২০২৪ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি প্রায় ১০ শতাংশ বেশি। ২০২৪ বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার।
আগামী আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ লাখ ৭০ হাজার ডলার।
সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দু’টি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে দলগুলো।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১২ দলই পাবে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।
প্রথমবার ১২টি দল নিয়ে হবে নারীদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্ব উতরে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। এনিয়ে অষ্টমবারের মত বিশ্বকাপে খেলতে নামবে টাইগ্রেসরা। ২০১৪ সালে প্রথমবার খেলার যোগ্যতা অর্জনের পর সবগুলো আসরেই খেলেছে বাংলাদেশ।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি :
মোট প্রাইজমানি : ৮৭, ৬৪,৬১৫ মার্কিন ডলার।
চ্যাম্পিয়ন : ২৩, ৪০,০০০ মার্কিন ডলার।
রানার্স-আপ : ১১,৭০,০০০ মার্কিন ডলার।
সেমিফাইনালিস্ট (হারা দু’দল) : ৬,৭৫,০০০ মার্কিন ডলার।
গ্রুপ পর্বে জয় (প্রতি ম্যাচ) : ৩১,১৫৪ মার্কিন ডলার।
অংশগ্রহণকারী দলগুলোর ন্যুনতম প্রাপ্তি : ২,৪৭,৫০০ মার্কিন ডলার।