বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৬

নড়াইলে কিউট জেলা নারী হ্যান্ডবল লিগ কাল শুরু

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘কিউট নড়াইল জেলা নারী হ্যান্ডবল লিগ-২০২৬’’ কাল থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হবে। 

নড়াইল জেলা প্রশাসক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং আয়োজক কমিটির আহবায়ক মো: আহসান মাহমুদ রাসেল।

এবারের লিগে ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। 

চার গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে শুক্রবার সুপার লিগ অনুষ্ঠিত হবে। সুপার লিগের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দুটি দল শনিবার ফাইনালে মুখোমুখি হবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো : 

‘ক’ গ্রুপ : দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি, নড়াইল তায়কোয়ানডো ক্লাব, ফাইটার রাগবি ক্লাব, নড়াইল ভলিবল ক্লাব

‘খ’ গ্রুপ : রওশনকাঞ্চন মিজান স্মৃতি সংসদ, কসমস ক্লাব, সলিড গোল্ড, বালক সংঘ, রূপগঞ্জ

‘গ’ গ্রুপ : ওয়ারী ক্লাব, মধুমিতা সংঘ, মহিলা খেলোয়াড় কল্যাণ সমিতি,  রেনেসা একাদশ

‘ঘ’ গ্রুপ : সিটি স্পোর্টস ক্লাব, আউড়িয়া যুব উন্নয়ন সংঘ, সূর্যশিখা সংসদ, চিত্রা ক্রীড়া সংস্থা