বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৮:২৬

ফিটনেস প্রমাণে নেইমারের হাতে দুই মাস সময় আছে : আনচেলত্তি

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : বিশ্বকাপে খেলার দরজা এখনও নেইমারের সামনে উন্মুক্ত রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এজন্য নিজের ফিটনেস ও ফর্ম প্রমানে নেইমারের হাতে দুই মাস সময় আছে বলেও জানিয়েছেন তিনি। 

আনচেলত্তি বারবার বলেছেন নেইমারকে তার ফিটনেস প্রমাণ করে তাকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু এই ফরোয়ার্ড গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোর দলে জায়গা পাননি।

ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন। এসিএল ও বাম হাঁটুর মেনিসকাসের গুরুতর ইনজুরির কারনে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে নেইমার জাতীয় দলের বাইরে রয়েছেন। গত বছর সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে ফিরলেও সেখানেও ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না। 

গত মাসে বোস্টনে ফ্রান্সের কাছে ব্রাজিলের ২-১ গোলে হারের পর নেইমারের নাম ধরে সমর্থকরা স্লোগান দিেেয়ছিল। কিন্তু আনচেলত্তি তখন কোন প্রতিক্রিয়া না দিয়ে বলেছিলেন দলে যারা আছে তাদের ওপরই গুরুত্ব দেয়া উচিত। 

এখন অবশ্য ইতালীয় কোচ জানিয়েছেন, সান্তোসের এই ফরোয়ার্ড তার পরিকল্পনায় রয়েছে। কারণ উত্তর আমেরিকা ও মেক্সিকোতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ব্রাজিল তাদের বিকল্পগুলো মূল্যায়ন করছে।

আনচেলত্তি ফরাসি পত্রিকা এল’ইকুয়েপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সে একজন অসাধারণ প্রতিভা এবং মানুষ মনে করে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে- এটা স্বাভাবিক। বর্তমানে তাকে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এবং আমি মূল্যায়ন করছি। তার সামনে এখনও দুই মাস সময় আছে, যাতে সে প্রমাণ করতে পারে যে সে পরবর্তী বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে। হাঁটুর চোটের পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে, সে গোল করছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই রয়েছে।”

বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। আগামী ১৩ জুন নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে সেলেসাওরা।