বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৭:২৪

টটেনহ্যামের পরাজয়ের ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো ইনজুরিতে

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : সান্ডারল্যান্ডের বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগে ১-০ গোলে পরাজয়ের ম্যচে টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরির কারনে মাঠ ছেড়েছেন। 

সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে টটেনহ্যাম গোলরক্ষক এন্টোনিন কিনিস্কির সাথে সংঘর্ষে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তাৎক্ষনিক ভাবে ইনজুরির ধরন সম্পর্কে জানা যায়নি। তবে আঘাতের পর ২৭ বছর বয়সী রোমেরো আর খেলতে পারেননি। যদিও তিনি নিজেই হেঁটে মাঠ ছাড়তে পেরেছিলেন, স্ট্রেচারের প্রয়োজন হয়নি। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থরা তাকে সান্তনা দিয়েছিল।

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে রোমোরোর এই ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির রক্ষনভাগে রোমেরো খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমান করেছেন। 

সংঘর্ষের পর স্পার্স গোলরক্ষক কিনিস্কিও মাথায় আঘাত পেয়েছেন। যদিও তিনি মাঠ ছেড়ে যাননি, তবে বাকিটা সময় মাথায় ব্যান্ডেজ করে খেলতে হয়েছে। 

টটেনহ্যামের নতুন কোচ রবার্তো ডি জার্বি বলেছেন, ‘এই মুহূর্তে রোমেরোর ইনজুরির বিষয়টি খুবই হতাশার। যদিও এখনও ইনজুরির মাত্রা সম্পর্কে চূড়ান্ত কিছু জানা যায়নি। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। আশা করছি ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। কারন আমাদের দলে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের শেষ পর্যন্ত তাকে দলে প্রয়োজন রয়েছে।’

এই পরাজয়ে টটেনহ্যাম টেবিলের ১৮তম স্থানে থাকার কারনে এখনও রেলিগেশন জোন থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে স্পার্সরা। মৌসুম শেষ হতে 

আর মাত্র ৬ ম্যাচ বাকি রয়েছে। 

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটির এ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।