শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস) : বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আগামী ১লা বৈশাখ মঙ্গলবার ঢাকার পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩’।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।
মোট ১০টি ইভেন্টে প্রায় তিন শতাধিক ক্রীড়াবিদ এই ক্রীড়া উৎসবে অংশ নিবেন। ইভেন্টগুলো হচ্ছে : আরচ্যারী, কাবাডি, ভলিবল, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, কুস্তি, লাঠি খেলা ও বলি খেলা।
দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হবে।
বৈশাখী ক্রীড়া উৎসব উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, মিডিয়া কমিটির আহবায়ক মো: রুবেল হোসেন ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী।