বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ২১:২০
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২১:২২

সাইফের উপর ভরসা রাখলেন নির্বাচকরা

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যর্থতার পরও ওপেনার সাইফ হাসানের উপর ভরসা রেখেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

পাকিস্তান সিরিজে তিন ম্যাচে মাত্র ৫২ রান করেন সাইফ। এতে জাতীয় দলে জায়গা হারানোর শঙ্কায় পড়েন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে ছন্দে ফেরার সুযোগ দিলেন নির্বাচকরা। 

আজ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণার সময় বাশার বলেন, ‘একটি সুস্পষ্ট পরিকল্পনা মাথায় রেখেই সাইফকে ওপেনার হিসেবে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাই সে ফর্মে ফিরুক। এজন্য তাকে সেই সুযোগ দিচ্ছি।’

সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবসরের পর থেকেই বাংলাদেশের ওপেনিংয়ের জায়গাটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন তামিম।

গত কয়েক বছরে বেশ কয়েকজনকে নিয়ে ওপেনিংয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে কেউই জায়গা পাকা করতে পারেননি।

বাশার মনে করেন, একজন খেলোয়াড়কে বিচার করার জন্য তিন ম্যাচ যথেষ্ট নয়। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং ব্যাটিংয়ের ক্ষেত্রে।

বাশার বলেন, ‘যখন কাউকে সুযোগ দেওয়া হয়, আমরা মনে করি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন ম্যাচ যথেষ্ট নয়। সাইফ ইতোমধ্যে কিছু ম্যাচ খেলেছে এবং আমরা তাকে দীর্ঘ সময়ের জন্য দলে রাখতে চাই।’

পাকিস্তান সিরিজের দলে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য। তার জায়গায় খেলেছেন সাইফ। সৌম্যকে দলের অপরিহার্য খেলোয়াড় উল্লেখ করে বাশার বলেন, ‘সৌম্য এখনও দলের জন্য সম্পদ। আমি তাকে অনুশীলনে দেখেছি এবং যেভাবে সে অফ-স্পিন সামলেছে সেটি আমাকে মুগ্ধ করেছে। সে এখনও আমাদের দলের একটি অপরিহার্য অংশ।’

ভবিষ্যতের ব্যস্ত সূচির কথা বিবেচনা করে সব খেলোয়াড়ের উপর নজর রাখছেন নির্বাচকরা। বাশার জানান, দলের প্রত্যেকেই নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক ম্যাচ আছে। নিঃসন্দেহে প্রত্যেকেই সুযোগ পাবে। বেঞ্চে সৌম্যের মতো একজন খেলোয়াড় থাকা মানে আমাদের দল শক্তিশালী অবস্থায় আছে।’