শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে দল নির্বাচনে ধারাবাহিকতার উপর জোর দেওয়ার পাশাপাশি জাতীয় দলে জায়গা নিশ্চিত করার জন্য খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান করলেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের জন্য আজ দল ঘোষনার পর এ কথা বলেন বাশার।
গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ সিরিজের দল থেকে কোন পরিবর্তন আনেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাশার বলেন, ‘আমরা গত সিরিজ পর্যালোচনা করেছি এবং ঐ সিরিজে দল সফল বলে মনে করছি। বাংলাদেশ ভাল ক্রিকেটে খেলেছে এবং এমন খেলোয়াড়ও দলে ছিল, যারা খেলার সুযোগ পায়নি। কিছু খেলোয়াড় নতুন ছিল এবং দলে তাদের সুযোগ পাওয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা কোন পরিবর্তন করিনি কারণ আমরা দল নির্বাচনে ধারাবাহিকতাকে বিশ্বাস করি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্যানেল অপ্রয়োজনীয় রদবদলের বিপক্ষে বলে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘যখন কোন খেলোয়াড় নির্বাচিত হন, তাকে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমাদের নীতি হলো- ধারাবাহিকতা নিশ্চিত করা।’
বিশ্বকাপের দিকে তাকিয়ে বাশার জানান, দলে বড় কোন পরিবর্তন আনতে চায় না নির্বাচক প্যানেল। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে বড় কোন পরিবর্তন আনতে চাই না। যদি কাউকে মূল্যায়ন করার প্রয়োজন হয়, তবে আমরা আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে করব।’
প্যানেলের লক্ষ্যের কথা জানিয়ে বাশার বলেন, ‘আমরা বিশ্বকাপকে মাথায় রেখে ম্যাচ জয়ের জন্য সেরা দল গড়তে চাই। কিন্তু দলের গতিতে কোন বাঁধা সৃষ্টি করতে চাই না।’
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে দু’দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৭ ও ২০ এপ্রিল।
এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।