বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৬:৪১
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

হাসারাঙ্গার বদলি লিন্ডা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলংকার লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। তার বদলি হিসেবে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পেলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডা। 

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হাসারাঙ্গা। এরপর আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারেননি তিনি।

আইপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন হাসারাঙ্গা। কিন্তু সম্প্রতি শ্রীলংকা  ক্রিকেটের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি তিনি। তাতেই আইপিএল খেলার আশা শেষ হয়ে যায় হাসারাঙ্গার। সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে কিনেছিল লক্ষ্মৌ।

এবারের আইপিএলে হাসারাঙ্গার না খেলার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মৌর ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি। 

প্রথমবারের মত আইপিএলে খেলার সুযোগ পাওয়া লিন্ডাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্মৌ। 

আইপিএলে প্রথম হলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টি, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে লিন্ডার। ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭৪৬ রান ও ২১৮ উইকেট শিকার করেছেন তিনি। 

জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন লিন্ডা। টেস্টে ১৩৫ রান ও ৯ উইকেট, ওয়ানডেতে ২৯ রান ও ৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৪০৩ রান ও ৩৫ উইকেট শিকার করেছেন লিন্ডা।