বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ২০:০০

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : পুরুষ এশিয়ান গেমস হকি বাছাই পর্বে পঞ্চম হয়েছে বাংলাদেশ দল। আজ থাইল্যান্ডে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে হারায় চাইনিজ তাইপেকে।

চাইনিজ তাইপের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭ ও ১৭ মিনিটে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। ৩৮ মিনিটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন সামিন।

হংকংকে হারিয়ে গতকালই এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইব্রেকারে হংকংকে ৩-২ গোলে হারিয়ে আসন্ন এশিয়ান গেমসে জায়গা করে নেয় বাংলাদেশ।

এর আগে, চলতি আসরে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারায় তারা।

তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরে যায় বাংলাদেশ।

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করায় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় বাংলাদেশকে। টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার টিকিট পায় তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। বাছাইপর্বের নয়টি দলের মধ্যে শীর্ষ ছয় দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হয়েছিল তারা। যা এখনও বাংলাদেশের সেরা সাফল্য।