বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

৯ উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড করলেন ব্রাজিলের কার্ডোসো

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : পুরুষ ও নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৯ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্ডোসো।

গতকাল কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে ৩ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করে নতুন ইতিহাসের জন্ম দেন কার্ডোসো।

নারী টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

পুরুষ ও নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন রেকর্ডের মালিক ছিলেন ভুটানের স্পিনার সোনম ইয়েশে। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

বিশ্ব রেকর্ড গড়ার পথে লেসোথো ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন কার্ডোসো। ওভারের শেষ তিন বলে তিন উইকেট শিকার করেন তিনি।

এরপর চতুর্থ ওভারে ৪ উইকেট নেন কার্ডোসো। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এতে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভার ২ মেডেন ৪ রান ৯ উইকেট।

লেসোথোর বাকী এক উইকেট নেন মারিয়ান আর্তার। না হলে ১০ উইকেট পূর্ণ করার সুযোগ পেতেন কার্ডোসো।

কার্ডোসোর বিশ্ব রেকর্ডের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান করে ব্রাজিল। ব্যাট হাতে ৪ রান করেন কার্ডোসো।

জবাবে কার্ডোসোর বিধ্বংসী বোলিংয়ে ৬ দশমিক ২ ওভারে ১৩ রানে অলআউট হয় লেসোথো। দলের কোনো ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। আট ব্যাটার আউট হন কোনো রান না করেই।