বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল ২০২৬ (বাসস) : আসন্ন ফিফা বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের আগে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।

এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ দিয়ে ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জর্ডান-হেয়ার স্টেডিয়াম।

আইসল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠিত ঐ ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

হন্ডুরাসের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়ে সবগুলোতেই জিতেছে আর্জেন্টিনা।

নিজেদের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
আগামী ১১ জুন থেকে ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ফিফা বিশ্বকাপ।

টুর্নামেন্টে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।