শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল ২০২৬ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুত ১২ হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি।
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতরাতের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে দ্রুত ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পেশাওয়ার জালমি অধিনায়ক বাবর।
৩৩৮ ইনিংস খেলে ১২ হাজার রান পূর্ণ করেন বাবর। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন গেইল। ৩৪৩ ইনিংসে ১২ হাজার রানের মালিক হয়েছিলেন ‘ইউনিভার্স বস’ গেইল। এই তালিকার তৃতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি ৩৬০ ইনিংস ১২ হাজার রান স্পর্শ করেন।
বিশ্বের ১২তম ও পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন বাবর।
সংক্ষিপ্ত ভার্সনে এর আগে, ওয়েস্ট ইন্ডিজের গেইল (১৪,৫৬২) ও কাইরন পোলার্ড (১৪,৪৮২), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪,৪৪৯)-জশ বাটলার (১৩,৯০৯) ও জেমস ভিন্স (১৩,১০২), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১৪,১২১), ভারতের বিরাট কোহলি (১৩,৬১২) ও রোহিত শর্মা (১২,৩৬১), শোয়েব মালিক (১৩,৫৭১), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৩২২) ও ফাফ ডু-প্লেসিস (১২,০৪১) রান করেছেন।
৩৫১ ম্যাচের ৩৩৮ ইনিংসে বাবরের রান এখন ১২০৭৪।