শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল ২০২৬ (বাসস) : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরে খেলা হচ্ছে না শ্রীলংকার লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হাসারাঙ্গা। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি তিনি।
আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল হাসারাঙ্গার। কিন্তু সম্প্রতি শ্রীলংকা ক্রিকেটের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি তিনি। তাতেই আইপিএল খেলার আশা শেষ হয়ে যায় হাসারাঙ্গা।
গতকাল হাসারাঙ্গার ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মুডি বলেন, ‘সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না, এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তার বিকল্প খুঁজছি আমরা। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসারাঙ্গার বদলি ঘোষণা করা হবে।’
সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে কিনেছিল লক্ষ্মৌ। এর আগে রাজস্থান রয়্যালস এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন হাসারাঙ্গা।