বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২২:০০

ক্যারিবীয়ানদের ৬শ ছক্কার ক্লাবে ইংল্যান্ডের বাটলার

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বাইরে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬শ ছক্কার ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। 

গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩টি চার ও ৫টি ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন গুজরাট টাইটান্সের বাটলার। 

ইনিংসের শেষ ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের বাইরে প্রথম কোন ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬শ ছক্কার ক্লাবে নাম লেখান বাটলার। ৪৯৬ ম্যাচে বাটলারের ছক্কা এখন ৬শটি।

এতদিন টি-টোয়েন্টি ৬শ বা তার বেশি ছক্কার ক্লাবে রাজত্ব করেছেন ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার- ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান। 

গেইল ৪৬৩ ম্যাচে ১০৫৬টি, পোলার্ড ৭৩৫ ম্যাচে ৯৮২টি, রাসেল ৫৯০ ম্যাচে ৭৮৪টি ও পুরান ৪৪৪ ম্যাচে ৭১২টি ছক্কা মারেন।