শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬ (বাসস) : গতরাতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি এডহক কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে এডহক কমিটির সদস্যদের মধ্যে। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।
এডহক কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন। বিপিএল গভর্নিং কমিটির প্রধান করা হয়েছে ফাহিম সিনহাকে।
এছাড়াও ফাহিম সিনহাকে গেম ডেভলপমেন্ট কমিটি, রফিকুল ইসলাম বাবুকে গ্রাউন্ডস কমিটি, তানজিল চৌধুরিকে বয়সভিত্তিক কমিটি, মির্জা সালমানকে ইস্পাহানি মার্কেটিং ও ডিসিপ্লিনারি কমিটি, ব্যারিস্টার রাসনা ইমামকে উইমেন্স উইং, মেডিকেল এন্ড কপ্লেইন কমিটি, ইসরাফিল খসরুকে ফিন্যান্স ও ওয়েলফেয়ার কমিটি, সৈয়দ ইব্রাহিম আহমেদকে সিকিউরিটি, টেন্ডার ও পারচেজ কমিটি, মিনহাজুল আবেদিন নান্নুকে টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির আব্বাসকে লজিস্টিক ও প্রোটোকল কমিটি, আতহার আলি খানকে আম্পায়ারস কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘এখানে প্রতিটি কমিটি দেওয়া হয়নি। কিছু কমিটি আমরা পরবর্তীতে দেব। একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রিকেট অপরেশন্স। আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, তিন মাস। আমাদের মূল লক্ষ্য নির্বাচন ঠিকঠাক মতো করা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট অপারেশন্স কমিটিতে কাউকে নিয়োগ দেব না। যদি এই কমিটির কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের বোর্ড সেই সিদ্ধান্ত নিবে।’