বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৫০

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬ (বাসস) : জাপানের এইচি-নাগোয়া শহরে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আজ থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাইপর্বে হংকং চায়নাকে পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে পরাজিত করে বাংলাদেশ জাপানের টিকিট পায়। 

স্থান নির্ধারনী প্লে-অফ ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। এই জয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আগামীকাল স্থান নির্ধারনী এই ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। নয় দলের বাছাইপর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। 

নিয়মিত সময়ে ৪১ ও ৪৭ মিনিটে আশরাফুল জোড়া গোল করেন। এর আগে ৩য় ও ৫ম মিনিটে রাকিবুল ইসলামের পেনাল্টি কর্ণার ও আমিরুল হাসানের পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশ ২-০ গোলে লিড পেয়েছিল।

শেষ দশ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে রোকন, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়। 

এর আগে পুল-বি’র প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩-২ গোলের হতাশাজনক পরাজয় বরণ করে। গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে।