শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যর্থতার খোলস থেকে বের হতে পারছেন না বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।
গতরাতে মুলতান সুলতানসের বিপক্ষে রাওয়ালপিন্ডিজের চতুর্থ ম্যাচে বল হাতে ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিশাদ। তার ব্যর্থতার ম্যাচে মুলতানের কাছে ৭ উইকেটে হেরেছে রাওয়ালপিন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হারল রাওয়ালপিন্ডিজ। ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মুলতান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্যাম বিলিংসের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করে রাওয়ালপিন্ডিজ। ছয় নম্বরে নামা বিলিংস ৭টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে অনবদ্য ৫৬ রান করেন।
আট নম্বরে নেমে ৩ বলে ১ রান করেন রিশাদ। এর আগে তিন ম্যাচের দুই ইনিংস ব্যাট করে ৩ রান করেছেন তিনি। মুলতানের স্পিনার ফয়সাল আকরাম ৪ উইকেট নেন।
জবাবে ওপেনার শাহিবজাদা ফারহান ও জশ ফিলিপসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২২ বল বাকী রেখে সহজ জয় পায় মুলতান। ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৮ বলে ৬৮ রান করেন ফারহান। ৩০ বলে ৫৬ রানের ইনিংসে ৬ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারি মারেন ফিলিপস।
৩ ওভার বল করে ১৫.৩৩ ইকোনমি রেটে ৪৬ রান খরচ করেও উইকেটশূন্য থাকেন রাওয়ালপিন্ডিজের রিশাদ। নিজেদের প্রথম ওভারে ৪ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে চার ছক্কা হজম করে ২৬ রান দেন রিশাদ। তৃতীয় ওভারে আরও দুই ছক্কায় ১৬ রান দেওয়ায় শেষ ওভার করার সুযোগ পাননি এই স্পিনার।
রাওয়ালপিন্ডিজের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৫ রান খরচ করে ১ উইকেট, করাচির কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৬ রানে ১ উইকেট নেন তিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ ওভার বল করে ১১.০৭ ইকোনমিতে ১৫৫ রানের বিনিময়ে মাত্র ২ উইকেট শিকার করেছেন রিশাদ।