বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৭:৫৯

স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম দিনে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতদের স্মরণ করেছে ইরান জাতীয় ফুটবল দল। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় দল কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে এবং জাতীয় সঙ্গীত বাজানোর সময় স্কুল ব্যাগ হাতে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় অন্তত ১৭০ জন নিহত হন, যাদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকও ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে হামলার প্রথম দিনেই এই ঘটনা ঘটে।

শুক্রবার তুরস্কের বেলেক শহরে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ইরানের খেলোয়াড়রা গোলাপি ও বেগুনি রঙের স্কুল ব্যাগ হাতে নিয়ে দাঁড়ান। এদের মধ্যে সাবেক এফসি পোর্তো ও ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমিও ছিলেন।

ম্যাচটিতে ইরান ২-১ গোলে পরাজিত হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে।

পত্রিকাটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পাশের একটি ইরানি ঘাঁটিতে বোমা হামলা চালাচ্ছিল, যার অংশ হিসেবে আগে ওই স্কুল ভবনটি ব্যবহৃত হতো। পুরোনো তথ্য ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।