বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৯:২৩

ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সকে এগিয়ে কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন হুগো একিটিকে। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ব্রেহমেহ।

আগামী জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করে ফ্রান্সে। 

উসমান দেম্বেলের বাড়ানো পাস থেকে গোল করেন এমবাপে। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৫৬তম গোল করলেন এমবাপে। ৫৭ গোল নিয়ে শীর্ষে আছেন অলিভিয়ের জিরু।

১-০ ব্যবধানে এগিয়ে থেকেও গোলের ব্যবধান বাড়াতে মরিয়া ছিল ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ফরাসিরা। অন্যদিকে, ৩৫ শতাংশ বল দখলে রেখে ফ্রান্সের গোলমুখে ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ব্রাজিল। 

ম্যাচের ৫৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় ফ্রান্স। ফাউল করে লাল কার্ড দেখেন দায়োত উপামেকানো। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিআরএ-এর সহায়তা নিয়ে উপামেকানোকে লাল কার্ড দেখান রেফারি। 

দশ জন নিয়ে ৬৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। মাইকেল ওলিসের যোগান দেওয়া বল থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন একিটিকে। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল।

৭৮ মিনিটে ব্রাজিলকে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন ব্রেহমে। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে শট নেন লুইস এইহিক। তার নেওয়া শটে পা দিয়ে গোলদাতা হিসেবে নাম লেখান ব্রেহমেহ। ব্রাজিলের হয়ে নিজের প্রথম গোল করলেন ব্রেহমেহ।

এরপর ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। 

আগামী ২৯ মার্চ প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।