বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৯:৪৪

মুস্তাফিজের ১ উইকেট ও ইমনের ১৪ রান

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বল হাতে ১ উইকেট এবং পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ১৪ রান করেছেন।

গতরাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়া পিএসএলের প্রথম ম্যাচে নবাগত হায়দারাবাদ কিংসম্যানের মুখোমুখি হয় মুস্তাফিজ-ইমনের লাহোর। 

টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার ফখর জামানের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে লাহোর। ১০টি চারে ৩৯ বলে ৫৩ রান করেন ফখর। 

এছাড়া হাসিবুল্লাহ খান ৪০ বলে অপরাজিত ৪০ এবং মোহাম্মদ নাইম ১৯ বলে ৩০ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি ছক্কায় ১৩ বলে ১৪ রান করেন ইমন। 

বল হাতে হায়দারাবাদের রিলি মেরেডিথ ও হাসান খান ২টি করে উইকেট নেন। 

জবাবে লাহোরের বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয় হায়দারাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস লাবুশেন। লাহোরের সিকান্দার রাজা-হারিস রউফ ও উবাইদ শাহ ২টি করে উইকেট নেন। 

আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এরমধ্যে ৯টি ডট বল দেন তিনি। কোনো চার-ছক্কা হজম করেননি ফিজ।  

ম্যাচ সেরা হন লাহোরের ফখর।