শিরোনাম

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ (বাসস) : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতায় (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ দল।
আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ২৩১-২২৫ পয়েন্টের ব্যবধানে হারায় ভিয়েতনামকে। বাংলাদেশ হয়ে তিন আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ আহমেদ ও ঐশ্বর্য রহমান অংশ নেন।
বাংলাদেশ দলের গড় স্কোর ৯.৬২। এরমধ্যে হিমু বাছাড়ের গড় স্কোর ৯.৭৫, ঐশ্বর্যের গড় স্কোর ৯.৬২ এবং নাওয়াজের গড় স্কোর ৯.৫০।
ভিয়েতনামের বিপক্ষে প্রথম দুই সেট যথাক্রমে- ৫৭-৫৫ এবং ৫৮-৫৬ পয়েন্টে জয় পায় বাংলাদেশ।
তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভিয়েতনাম। ৫৮-৫৭ পয়েন্টে জিতে ব্যবধান কমায় তারা।
তবে চতুর্থ সেটে ৫৯-৫৬ পয়েন্টে জিতে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ।
এবারের এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ দল। সেমিতে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
সর্বশেষ ২০২১ সালে কম্পাউন্ড বিভাগে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানে রুপা জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে স্বর্ণপদক জিততে পারেনি তারা।