বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৬:৩৩

আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারনে মার্চ-এপ্রিলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন সেন্টার-ব্যাক লিওনার্দো বেলার্ডি ও রাইট-ব্যাক গনজালো মন্টিয়েল।

বেলার্ডি কাফ ইনজুরি ও মন্টিয়েল পেশীর ইনজুরিতে ভুগছেন।

রিও কুয়ার্তোতে রিভার প্লেটের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে পেনাল্টি থেকে মন্টিয়েল প্রথম গোলটি করেছিলেন। কিন্তু ম্যাচ শেষ হবার আগেই তার পেশীতে টান পড়ে। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে ম্যাচ শেষে মন্টিয়েলের স্ক্যান রিপোর্টে বাম পায়ের পেশীতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে।

চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্টিয়েল। তার স্থানে দলে ডাকা হয়েছে পালমেইরাসের অগাস্টিন গিয়েকে।

এদিকে রিভার প্লেট সতীর্থ লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে জাতীয় দলে বেলার্ডির স্থলাভিষিক্ত করা হয়েছে।  

২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন কুয়ার্তা। বিশ্বকাপের আগে নিজেকে প্রমানের আরও একটি সুযোগ পেলেন কুয়ার্তা।

আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার স্পেন ও কাতারের সাথে খেলার কথা ছিল। কিন্তু চলমান পশ্চিম এশিয়ান সংঘাতের কারনে কাতারে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি বাতিল হয়ে যায়।

নতুন সূচী অনুযায়ী আর্জেন্টিনা ২৭ মার্চ মরিতানিয়া ও পাঁচদিন পর জাম্বিয়ার মুখোমুখি হবে। দুটো ম্যাচই বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে।