বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৪:৫৭

অবসরের ঘোষণা দিলেন ফ্রান্স ও ওয়েস্ট হ্যামের সাবেক তারকা পায়েট

ঢাকা, ২৩ মার্চ ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন ফ্রান্স ও ওয়েস্ট হ্যামের সাবেক ফরোয়ার্ড দিমিত্রি পায়েট। ফ্রেঞ্চ টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তিনি অবসরের ঘোষণা দেন।

৩৮ বছর বয়সী পায়েট ওয়েস্ট হ্যামের হয়ে দুটি দুর্দান্ত প্রিমিয়ার লিগ মৌসুম কাটিয়েছেন। বিশেষ করে সেট পিসে তার দক্ষতা ও অসাধারণ ড্রিবলিংয়ের তিনি জনপ্রিয় ছিলেন। 

২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত হ্যামার্সদের জার্সি গায়ে পায়েট ৬০ ম্যাচে ১৫ গোল করা ছাড়াও ২২টি এ্যাসিস্ট করেছেন। 

প্রিমিয়ার লিগ ছাড়াও ফ্রান্সে তিনি সেইন্ট-এতিয়েন, নঁতে, লিলি ও মার্সেই এবং ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো ডা গামায় খেলেছেন। 

মার্সেই ও লিলির মধ্যকার লিগ ওয়ানের ম্যাচ চলাকালীন বিরতির সময় পায়েট লাইভে বলেন, ‘৩৯তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে আমি পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ঘোষনা দিচ্ছি। আজ বৃষ্টি হচ্ছে এবং এটা কোন আকস্মিক ঘটনা নয়।’

ফ্রান্স জাতীয় দলের হয়ে পায়েট ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৬ সালের ইউরো ফাইনালে খেলা ফ্রান্স দলের সদস্য ছিলেন পায়েট।  

গত বছর জুলাইয়ে ভাস্কো ডা গামা ছাড়ার পর এ পর্যন্ত কোন ক্লাবের সাথে যুক্ত ছিলেন না। রিও ডি জেনেইরোর ক্লাবটির সাথে দুই বছর থাকার পর মাঠের বাইরের একটি ঘটনায় তিনি সমলোচিত হয়েছিলেন। ২০২৫ সালের মার্চে ব্রাজিলিয়ান এক নারী পায়েটের বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ করেন। ব্রাজিলিয়ান গণমাধ্যমের সূত্রমতে, পুলিশের রিপোর্ট অনুযায়ী পায়েট ঐ নারীর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেও কোন ধরনের নির্যাতনের বিষয় অস্বীকার করেছেন। 

মামলাটি বিচারের জন্য ব্রাজিলের কোর্টে আনা হবে বলে সংশ্লিষ্ঠরা নিশ্চিত করেছেন।