শিরোনাম

ঢাকা, ২২ মার্চ ২০২৬ (বাসস) : আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে লিভারপুলের হোঁচটের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে চেলসি। শনিবার তারা এভারটনের কাছে ৩-০ গোলে হেরে শীর্ষ পাঁচের বাইরে চলে গেছে।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল দিনের শুরুতেই ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে যায়। এটি তাদের শিরোপা রক্ষার পথে হতাশাজনক ১০ম পরাজয়।
চেলসির এই বড় হারে তাদের নিচে থাকা কয়েকটি ক্লাব-এভারটন, ব্রেন্টফোর্ড ও ফুলহ্যাম নতুন করে আশা দেখছে।
ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর ভালো পারফরম্যান্সের কারণে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল নিশ্চিতভাবেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
এদিকে আর্সেনাল ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানের ম্যানটেচস্টার ইউনাইটেডের থেকে বেশ এগিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড শুক্রবার বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এবং তারা চতুর্থ স্থানের এ্যাস্টন ভিলার থেকে চার পয়েন্ট এগিয়ে আছে।
মধ্য সপ্তাহে গ্যালাতাসারের বিপক্ষে মোট ৪-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাস নিয়ে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামে লিভারপুল।
কিন্তু ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে উজ্জীবিত ব্রাইটনের কাছে তারা হার মানতে বাধ্য হয়। লিভারপুলের হয়ে মিলোন কারকে একটি গোল করেন।
লিভারপুল কোচ আর্নে স্লট চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর দ্রুত ম্যাচ খেলার বিষয়টিকে পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেন। একইসাথে দলে ইনজুরি সমস্যাতো রয়েছেই।
দলে ছিলেন না গোলরক্ষক এ্যালিসন বেকার ও ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর শীর্ষ গোলদাত হুগো একিটিকে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন।
সাম্প্রতিক তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় লিভারপুলের অবস্থান এই পরাজয়ে আরও দুর্বল হয়েছে।
স্লট বলেন, “ব্রাইটনের মাঠে খেলা সব দলের জন্যই কঠিন। বিশেষ করে গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে সবকিছুই আরও কঠিন হয়ে যায়। এই হার আমাদের খুব কষ্ট দিচ্ছে।”
লিভারপুল এখনও চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ- দুই প্রতিযোগিতাতেই টিকে আছে, তবে পিএজি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই দুই প্রতিযোগিতার কঠিন কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হতে হবে।
এদিকে চেলসি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। এভারটনের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ায় নতুন কোচ লিয়াম রোজেনিয়রের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বেটোর জোড়া গোলের সাথে ইলিমান ডিয়ায়ের এক গোল এভারটনের বড় জয় নিশ্চিত করেছে। এই জয়ে তারা লিভারপুলের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।
জানুয়ারিতে এনজো মারেসকার স্থলাভিষিক্ত হওয়া রোজেনিয়রকে এখন তার দলের ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে। চেলসি এখনও এফএ কাপে টিকে আছে, তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির কাছে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে।
দিনের আরেক ম্যাচে ফুলহ্যাম পিছিয়ে থেকেও বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে ব্রাইটনকে পেছনে ফেলেছে। বার্নলি এখন রেলিগেশন জোন থেকে নয় পয়েন্ট পিছিয়ে আছে, আর বাকি আছে মাত্র সাতটি ম্যাচ।