শিরোনাম

ঢাকা, ২২ মার্চ ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে উরুগুয়ের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে ইংল্যান্ড দল থেকে অধিনায়ক হ্যারি কেনসহ আরো ১০জন খেলোয়াড়কে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ থমাস টাচেল।
এর আগে শুক্রবার দুটি প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের বর্ধিত দল ঘোষনা করেন টাচেল, যেখানে কেনের নামও ছিল। জাপানের বিপক্ষে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেনসহ আরো কয়েকজন খেলোয়াড় ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন।
শনিবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বুন্দেসলিগায় বায়ার্নের ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে কেন এবারের লিগের ৩১তম গোল করেছেন। ব্যস্ত সূচীর কারনে ফুটবলাররা একেবারেই বিশ্রামের কোন সুযোগ পাননা। তবে মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে কয়েকজন সতীর্থসহ কিছুদিনের বিশ্রামের বিষয়টি নিজেকে নতুন উদ্যোমে মাঠে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করবে বলে কেন মন্তব্য করেছেন, ‘এপ্রিলের সূচীর দিকে তাকালে আমি মনে করি এটা অনেক অর্থবহন করে। এরপর আর একমাস বাকি থাকবেন।
তারইপরই বিশ্বকাপ। এই সময়ের মধ্যে নিজেকে যতটা উজ্জীবিত রাখা যায় ততই ভাল।’
৩২ বছর বয়সী কেন আরও বলেন, ‘আমি মনে করি টাচেলের এই সিদ্ধান্ত সত্যিকার অর্থেই পুরো দলের কাজে আসবে। যদিও এতে দুই ম্যাচ খেলার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে। আমার এবং অবশ্যই আমার সতীর্থদের জন্য বিশ্রামের এই সময়টা যথাযথ ভাবে ব্যবহার করাই হবে মূল লক্ষ্য। সবাইকে অবশ্যই ফিট থাকতে হবে, ফুটবলের প্রতি মনোযোগি থাকতে হবে। এটা শুধুমাত্র মানসিক ভাবে বিশ্রামে থেকে নিজেকে প্রস্তুত করে তোলা। বিশেষ করে সত্যিকার অর্থেই আমাদের সামনে অত্যন্ত ব্যস্ত সূচী অপেক্ষা করছে।
টাচেল জানিয়েছেন কেন ছাড়াও প্রথম ম্যাচে বিশ্রামে থাকবেন ডিন হেন্ডারসন, ড্যান বার্ন, মার্ক গুয়েহি, এজরি কোনসা, নিকো ও’রেইলি, এলিয়ট এ্যান্ডারসন, ডেক্লান রাইস, মরগান রজার্স, এন্থনি গর্ডন ও বুকায়ো সাকা।
আগামী শুক্রবার ইংল্যান্ড উরুগুয়ে এবং সোমবার জাপানের মুখোমুখি হবে।