শিরোনাম

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (বাসস) : উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ থমাস টাচেল ৩৫ সদস্যের দল ঘোষনা করেছেন। এই দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড জুটি হ্যারি ম্যাগুয়েরে ও কোবি মেইনু।
লিডস ফরোয়ার্ড ডোমিনিক কালভার্ট-লুইনও আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এভারটন মিডফিল্ডার জেমস গার্নার।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে থাকলেও দলে অন্তর্ভূক্ত হয়েছেন। কিন্তু এই দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, লুক শ ও ওলি ওয়াটকিন্সের।
৩৩ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার-ব্যাক ম্যাগুয়েরের সামনে সুযোগ আছে ক্যারিয়ারে ৬৪ আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাটিকে আরো বাড়ানোর। এছাড়া ইউরো ২০২৪ ফাইনালে খেলা ২০ বছর বয়সী মেইনুও দলে ফিরেছেন। এই জুটি ২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ দেশের হয়ে খেলেছেন। সাম্প্রতিক দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে তারা জাতীয় দলে ডাক পেয়েছেন।
স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় স্কোয়াড নির্বাচন করেছেন টাচেল। খেলোয়াড়রা দুইভাবে ট্রেনিং ক্যাম্পে যোগ দিবেন। এ সম্পর্কে টাচেল বলেন, ‘আবারও মাঠে ফিরতে পেরে আমি দারুন খুশী। মার্চের ক্যাম্পটি ইউনিক হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যেই বিশ্বকাপের খেলার টিকিট পেয়েছি। একইসাথে ক্লাব মৌসুমে এই মুহূর্তে খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিজেদের প্রমানের এটাই শেষ সুযোগ। যে কারনে সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’
গত বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতীয় দলে ইউনাইটেডের খেলোয়াড়দের ডেকেছেন টাচেল। এ সম্পর্কে টাচেল বলেন, ‘মাইকেল ক্যারিক দায়িত্ব গ্রহনের পর ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত ফর্মে রয়েছে। আর এই দলে অনবদ্য অবদান রেখেছেন হ্যারি ও কোবি। যুক্তরাষ্ট্র সফরের আগে এটাই শেষ ক্যাম্প। এ কারনে নতুন খেলোয়াড়দের ঝালিয়ে নেবার এটাই আমার শেষ সুযোগ।’
২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে না থাকলেও চারদিন পর জাপানের বিপক্ষে দলে ফিরবেন ডেক্লান রাইস, হ্যারি কেন ও বুকায়ো সাকা।
স্কোয়াড :
গোলরক্ষক : ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্র্যাফোর্ড, এ্যারন রামসডেল, জেসন স্টিল
ডিফেন্ডার : ড্যান বার্ন, মার্ক গুয়েহি, লুইস হল, টিনো লিভারমেন্টো, হ্যারি ম্যাগুয়েরে, নিকো ও’রেলি, জারেল কুয়ানসাহ, ডিয়ে স্পেন্স, জন স্টোনস, ফিকায়ো টোমোরি
মিডফিল্ডার : এলিয়ট এন্ডারসন, জুড বেলিংহাম, জেমস গার্সান, জর্ডান হেন্ডারসন, কোবি মেইনু, ডেক্লান রাইস, মরগার্ন রজার্স, এ্যাডাম হোয়ারটন
ফরোয়ার্ড : জেরড বোয়েন, ডোমিনিক কালভার্ট-লুইস, এবেরেচি এজে, ফিল ফোডেন, এন্থনি গর্ডন, হ্যারি কেন, নোনি মাদুয়েকে, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ডোমিনিক সোলাঙ্কে।