শিরোনাম

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (বাসস) : দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে শুক্রবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি২০তে ৮ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড।
তারকা পেসার লোকি ফার্গুসন ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে ইনিংস শেষ করে। ছোট মাঠ হিসেবে পরিচিত ইডেন পার্কে সাধারণত ২০০ রানের বেশি স্কোর দেখা যায়।
জবাবে টম ল্যাথামের ৬৩ রানের ইনিংসে ভর করে ২২ বল হাতে রেখেই নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪১ রানে ৩ উইকেট নিয়ে দারুণ শুরু করে, যা এই মাঠের স্বাভাবিক উচ্চ স্কোরিং প্রবণতার তুলনায় ভিন্ন ছিল।
ফার্গুসন গতির সঙ্গে নিখুঁত লাইন-লেন্থে বোলিং করে উইয়ান মুল্ডারকে শূন্য রানে আউট করেন। এরপর স্যান্টনার কনর এস্তেরহুইজেনকে ও বেন সিয়ার্স টনি জি জর্জিকে দ্রুত সাজঘরে ফেরতে পাঠান।
পাওয়ার প্লের পরের তিন ওভারে আরও দুই উইকেটের পতন হয়। এই সময় দক্ষিণ আফ্রিকা মাত্র ৯ রান যোগ করতে পারে। জেসন স্মিথ ও রুবিন হারমান সহজেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা ২০ বলে সর্বোচ্চ ২৬ রান করেন। শেষদিকে তিনি তিনটি বড় ছক্কা মারেন, যার মধ্যে কাইল জেমিসনের প্রথম বলেই সবচেয়ে বড় ওভার বাউন্ডারিটি হাঁকান।
নিউজিল্যান্ডের হয়ে সিয়ার্স, স্যান্টনার ও জেমিসন দুটি করে উইকেট নেন, আর ফার্গুসন তার মিতব্যয়ী বোলিংয়ে একটি উইকেট পান।
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ধীরে শুরু করে। ডেভন কনওয়ে এবং ল্যাথাম সতর্কভাবে ব্যাটিং করেন। নতুন বলে দক্ষিণ আফ্রিকার বোলাররা সুইং ও সিম মুভমেন্ট পাচ্ছিলেন।
চতুর্থ ওভারে তারা রানের গতি বাড়ান। লুথো সিপামলার এক ওভারে ২১ রান তোলেন, যেখানে দুজনই ছক্কা মারেন।এই জুটি প্রথম উইকেটে ৯৬ রান যোগ করে, এরপর ১১তম ওভারের শেষে কনওয়ে ২৬ বলে ৩৯ রান করে আউট হন।
সিরিজের চতুর্থ ম্যাচ রোববার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।