শিরোনাম

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : হাঁটুর চোট থেকে সদ্য ফিরে আসা কিলিয়ান এমবাপ্পে মাসের শেষে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্স দলকে নেতৃত্ব দেবেন।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বৃহস্পতিবার ঘোষিত দলে রিয়াল মাদ্রিদের এই তারকাকে অন্তর্ভুক্ত করেছেন।
এর আগে সপ্তাহের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে।
ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে ইনজুরির কারনে তার ক্লাবের আগের পাঁচটি ম্যাচ মিস করেছিলেন, তবে ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ব্রাজিলের বিপক্ষে এবং তিন দিন পর ওয়াশিংটন ডিসির কাছাকাছি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তিনি আক্রমণভাগে নেতৃত্ব দিতে যাচ্ছেন।
আক্রমণভাগে হুগো একিটিকে ও গাস রায়ান চেরকিসহ আরও কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে।
গোলরক্ষক লুকাস শেভালিয়ারকেও দলে রাখা হয়েছে। যদিও তিনি পিএসজিতে নিজের জায়গা হারিয়েছেন।
এই প্রীতি ম্যাচ দু’টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি। বিশ্বকাপের জন্য ১৩ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশ্যম।
দেশ্যম বলেন, “পরিসংখ্যান অনুযাী, মে মাসে ঘোষিত দলে এই তালিকার অনেক খেলোয়াড়ই থাকবে, তবে এখনই কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
২৪ বছর বয়সী শেভালিয়ার পিএসজিতে খারাপ পারফরম্যান্সের কারণে রাশিয়ান গোলরক্ষক ম্যাটভেই সাফোনভের কাছে জায়গা হারিয়েছেন। তবে দেশ্যম জানান, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো তার দায়িত্বের অংশ।
তিনি বলেন, “গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কখনো কখনো ক্লাবে কঠিন সময় পার করে। তাদের সহায়তা করা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি তার জন্য আদর্শ নয়, কিন্তু চার মাসে সে নিজের মূল্য হারায়নি।”
ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ আই-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল।
এদিকে ইনজুরির কারণে ব্র্যাডলি বারকেলা দলে নেই। যার ফলে সুযোগ পেয়েছেন রানডাল কোলো মুয়ানি।
২০২৫ সালের জুনে জার্মানির বিপক্ষে নেশন্স লিগ সেমিফাইনালের পর থেকে ফ্রান্স দলে খেলেননি তিনি।
ফ্রান্স দল :
গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মেইগনান, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাটে, উইলিয়াম সালিবা
মিডফিল্ডার : এডুয়ার্র্ডো কানভিনগা, এন’গোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড : মাগনেস আকলিউচে, রায়ান চেরকি, ওসমানে ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, হুগো একিটিকে, রানডাল কোলো মুয়ারিন, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম।