শিরোনাম

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : আয়ারল্যান্ডের টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন পল স্টার্লিং। দলটি ২০২৮ সালের টি২০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা পর্ব শুরু করছে।
তবে তিনি টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন এবং একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
স্টার্লিং ২০২৩ সালে আয়ারল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন এবং গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে তিনি ৪৮টি ম্যাচে অধিনায়কত্ব করেন, যার মধ্যে ২০টিতে জয়, ২৬টিতে পরাজয় এবং ২টি ম্যাচ ফলাফলবিহীন ছিল। এই ম্যাচগুলোতে তার জয়ের হার ছিল ৪১.৬৬ শতাংশ।
নিজের ভবিষ্যৎ নিয়ে স্টার্লিং জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন। দেশকে নেতৃত্ব দেওয়া তার জন্য গর্ব ও সম্মানের বিষয় ছিল এবং এই সময়ে তিনি যে আস্থা ও সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ।
তিনি বলেন, “ভালভাবে চিন্তা-ভাবনার পর আমি আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল এবং আমি এ নিয়ে গর্বিত। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া একটি বড় দায়িত্ব।”
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার তার সতীর্থ, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে। এছাড়া বিশ্বের যেখানেই আমরা খেলি, আমাদের সমর্থন করে যাওয়া ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।”
স্টার্লিং আরও জানান, আয়ারল্যান্ড ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি অটুট রয়েছে। তিনি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজের পারফরম্যান্সে আরও মনোযোগ দেবেন।
দলের পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এটি দলের জন্য নতুন অধ্যায় শুরু করার সঠিক সময়। নতুন অধিনায়ককে তিনি পূর্ণ সমর্থন দেবেন এবং একসঙ্গে কাজ করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনের প্রত্যাশা করেন।