শিরোনাম

ঢাকা, ১৯ মার্চ ২০২৬ (বাসস) : চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে ডান গোঁড়ালিতে চোট পাওয়ায় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইর চলে গেছেন পিএসজি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা।
এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে মঙ্গলবারের ম্যাচটিতে বারকোলা লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছেন। যে কারণে ৫৯ মিনিটে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। আগামী কয়েক সপ্তাহের জন্য তাকে আর দলে পাওয়া যাবেনা।
পিএসজির ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে প্রথম গোলটি করেছিলেন বারকোলা। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। পার্ক ডি প্রিন্সেসে প্রথম লেগের ম্যাচেও গোল করেছিলেন এই রাইট উইঙ্গার। এবারের মৌসুমে তিনি সব মিলিয়ে ১২ গোল করেছেন। আগামী মাসে কোয়ার্টার ফাইনালে তিনি হয়তো খেলতে পারবেন না। কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল।
আন্তর্জাতিক বিরতির আগে শনিবার নিসের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে পিএসজি। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচেও অনুপস্থিত থাকবেন বারকোলা।
আগামী ৩ এপ্রিল টলুসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ঘরোয়া ফুটবলে ফিরবে পিএসজি। পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।