বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৮:১৫

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ সোধির

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি। 

প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান সোধি। এরপর স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, সোধির আঙ্গুল ভেঙ্গে গেছে। এই ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের বাকী চার ম্যাচে খেলতে পারবেন না সোধি। 

সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন না পেসার লুকি ফার্গুসন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের দলে আছেন তিনি। 

তাই ফার্গুসন যোগ দেওয়ায় সোধির বিকল্প হিসেবে নতুন কাউকে দলে নিচ্ছে না নিউজিল্যান্ডের নির্বাচকরা। 

সোধি ইনজুরিতে পড়ায় হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘সোধি নিউজিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে সবসময়ই নিবেদিত। বিশ্বকাপের পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার জন্য মুখিয়ে ছিল সে। সংক্ষিপ্ত ফরম্যাটে অভিজ্ঞ একজন খেলোয়াড় সে। সিরিজের বাকি ম্যাচগুলোয় আমরা নিশ্চিতভাবেই তাকে মিস করব।’

টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী সোধি। ১৪০ ম্যাচে ১৬২ উইকেট শিকার করেছেন তিনি। 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলার সুযোগ পান এই লেগ-স্পিনার। ১৩ ও ২১ রান দিয়েও দুই ম্যাচে উইকেটের দেখা পাননি সোধি। 

ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করে নিউজিল্যান্ড। সিরিজের বাকী চার ম্যাচ হবে যথাক্রমে- ১৭, ২০, ২২ ও ২৫ মার্চ।