শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ফেব্রুয়ারির সেরার দৌড়ে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের উইল জ্যাকস এবং যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলংকার হার্ষিতা সামারাবিক্রমা, পাকিস্তানের ফাতিমা সানা এবং ভারতের অরুন্ধতি রেড্ডি।
সদ্য শেষ হওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন পাকিস্তানের ফারহান। ৭ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেন তিনি। নামিবিয়া ও শ্রীলংকার বিপক্ষে দু’টি শতক হাঁকান ডান-হাতি ফারহান।
বিশ্বকাপে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন জ্যাকস। ব্যাটিংয়ে ১৭৩.২১ স্ট্রাইক রেটে ১৯৪ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে চারবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে রেকর্ড গড়েন জ্যাকস।
বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলে বল হাতে ১০১ রানের বিনিময়ে ১৩ উইকেট শিকার করেন পেসার শাকউইক। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন তিনি। তবে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন শাকউইক।
গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সমান ৪টি করে উইকেট নেন শাকউইক। গ্রুপ পর্ব থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ায় বিশ্বকাপে চার ম্যাচের বেশি খেলতে পারেনি তিনি।