শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : হুয়ান লাপোর্তা আবারও বার্সেলোনার সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে পরাজিত করে ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির নেতৃত্বে থাকবেন লাপোর্তা।
৬৩ বছর বয়সী এই জনপ্রিয় নেতা ২০২১ সালের নির্বাচনেও ফন্টকে হারিয়েছিলে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করার পর জুলাই মাসে আবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
ক্লাবের প্রায় ৪২ শতাংশ সদস্য ভোট দেন, যা মোট ৪৮,৪৮০ ভোটের সমান। লাপোর্তা ৬৮.১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যেখানে ফন্ট পান ২৯.৭৮ শতাংশ।
নির্বাচন শেষে লাপোর্তা সাংবাদিকদের বলেন, “এই ফলাফল আমাদের খুব খুশি করেছে এবং আমাদের অনেক শক্তি দিয়েছে। য আমরা প্রায় বাকরুদ্ধ হয়ে গেছি।”
তিনি আরও বলেন, “কেউ আমাদের থামাতে পারবে না। আমি নিশ্চিত আগামী বছরগুলোতে, যেমন আমি বলেছি, আমাদের সামনে অনেক রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।”
লাপোর্তা জানান, ক্লাবটি এখন আংশিকভাবে পুন:নির্মাণাধীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার দিকে মনোযোগ দেবে, যা পরিকল্পনার চেয়ে এক বছর পরে ২০২৭ সালে শেষ হওয়ার কথা। পাশাপাশি ক্লাবের বিরুদ্ধে বাইরের সমালোচনার বিরুদ্ধেও তারা লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, “ক্লাব সদস্যরা আমাদের সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যেখানে আমরা সবাই মিলে বার্সাকে সবকিছুর বিরুদ্ধে রক্ষা করব।”
তিনি কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে ধন্যবাদ জানান, যারা গত মৌসুমে ক্লাবকে ঘরোয়া ট্রেবল জিততে সহায়তা করেছিলেন।
লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির সভাপতি ছিলেন। এই সময়টা অনেকের মতে বার্সেলোনার সোনালি যুগ। সেই সময়ে কোচ পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে বার্সেলোনা ট্রেবল জিতেছিল।