বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৭:৪৪

চ্যাম্পিয়ন্স লিগে বাস্তবতার ধাক্কা কাটিয়ে উঠতে চায় ইংলিশ দলগুলো

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : লিগ পর্বে দাপট দেখানো ইংল্যান্ডের ছয়টি দল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে অনেকটাই অসহায় হয়ে পড়েছে, কারণ তাদের কেউই জয়ের মুখ দেখেনি।

ম্যানচেস্টার সিটি, চেলসি ও টটেনহ্যাম হটস্পার এ সপ্তাহে ঘরের মাঠে খেলতে নামবে। কিন্তু স্বাভাবিক ভাবেই তারা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রথম লেগে তারা যথাক্রমে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তিন গোলে পিছিয়ে আছে।

অন্যদিকে লিভারপুল ও আর্সেনাল আশা করছে তারা যথাক্রমে গ্যালাতাসারে ও বায়ার লেভারকুসেনকে হারিয়ে পরবর্তী পর্বে উঠতে পারবে। আর নিউক্যাসল ইউনাইটেড স্বপ্ন দেখছে বার্সেলোনাকে হটিয়ে ক্যাম্প ন্যু’কে চমকে দেওয়ার। প্রথম লেগে তারা সেন্ট জেমস পার্কে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাল খেলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল।

প্রতিযোগিতার শুরুতে নজিরবিহীন আধিপত্য দেখানোর পরও প্রিমিয়ার লিগের সেরা দলগুলোর এই ব্যর্থকার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে এএফপি স্পোটর্স।

“শীতে সিংহ, বসন্তে মেষশাবক”-

ইউরোপের অন্যান্য বড় লিগের তুলনায় বেশি লাভজনক টিভি সম্প্রচার চুক্তির কারণে প্রিমিয়ার লিগের আর্থিক শক্তি অনেক বেশি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিকে এই সুবিধা অনেক দিন ধরেই তেমন দেখা যাচ্ছে না।

গত ১৩টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে মাত্র তিনবার ইংলিশ দল শিরোপা জিতেছে।

গত মৌসুমে কেবল আর্সেনাল সেমিফাইনালে উঠেছিল এবং ২০২৩/২৪ মৌসুমে কোনো ইংলিশ দলই শেষ চারে যেতে পারেনি।

শীতকালীন বিরতি না থাকা এবং দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থাকার কারণে দীর্ঘ ও কঠিন শীতকালীন সূচির পর ক্লান্তিই ইংলিশ দলগুলোর পারফরম্যান্স কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয়।

ফরাসি কিংবদন্তি ও সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি একবার ইংলিশ দলগুলোকে বলেছিলেন, “শীতে সিংহ, বসন্তে মেষশাবক।”

লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “সাধারণভাবে আমি মনে করি শীতকালীন বিরতি না থাকা ইংলিশ ক্লাবগুলোর জন্য সহায়ক নয়।”

চ্যাম্পিয়ন্স লিগে থাকা ছয়টি ইংলিশ দলের মধ্যে চারটি ইএফএল কাপের সেমিফাইনালে খেলেছে এবং পাঁচটি 

দল ইউরোপীয় ম্যাচের আগের দিনগুলোতে এফএ কাপে ম্যাচ খেলেছে।

‘‘সেরাদের বিপক্ষে লড়াই’’-

প্রিমিয়ার লিগের আর্থিক শক্তি থাকলেও শেষ ষোলোর ছয় ম্যাচের মধ্যে তিনটিতে ইংলিশ দলগুলো এমন ক্লাবের মুখোমুখি হয়েছে যাদের আয় আরও বেশি।

রিয়াল মাদ্রিদ এখনও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব এবং সাম্প্রতিক খারাপ ফর্ম উপেক্ষা করে তারা সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলর প্রথম লেগে ৩-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৫-২ গোলে চেলসিকে বিধ্বস্ত করেছে। আর বার্সেলোনা শেষ মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টিতে নিউক্যাসলের সাথে কোনমতে ড্র করে রক্ষা পায়।

টটেনহ্যাম হটস্পারের স্প্যানিশ জায়ান্ট এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারটাও খুব অবাক করার মতো নয়। কারণ প্রিমিয়ার লিগে তাদের বাজে পারফরমেন্সে টিকে থাকার লড়াই চলছে।

সিটি বস পেপ গার্দিওলা বলেন, “প্রিমিয়ার লিগই তো বিশ্বের সেরা লিগ। কিন্তু এই প্রতিযোগিতা (চ্যাম্পিয়ন্স লিগ) খুব কঠিন এবং সবাই খুব ভালোভাবে প্রস্তুত হয়েই এখানে খেলতে আসে।”

‘‘ভিন্ন খেলার ধরণ’’-

এই মৌসুমে প্রিমিয়ার লিগ আরও শারীরিক ও লড়াইপূর্ণ হয়ে উঠেছে। অনেক ম্যাচে দীর্ঘ থ্রো-ইন ও সেট-পিসে শারীরিক লড়াই বেশি দেখা যাচ্ছে।

এই মাসের শুরুতে স্লট মন্তব্য করেছিলেন অতিরিক্ত সেট-পিস নির্ভরতার কারণে ইংলিশ ফুটবল এখন আর “দেখতে আনন্দদায়ক” নয়।

তিনি আরও বলেন, “এখানে গোলরক্ষকের মুখে আঘাত করলেও রেফারি বলে খেলা চালিয়ে যান।”