শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরান ফুটবল দল এখনও অংশ নেওয়ার পরিকল্পনা করছে বলে সোমবার জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন। যদিও তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দলটিকে সতর্ক করে বলেন, তারা যদি এই গ্রীষ্মে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে অংশ নেয়, তবে তাদের “জীবন ও নিরাপত্তা” ঝুঁকির মুখে পড়তে পারে। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার ফলে শুরু হওয়া যুদ্ধেও কারনে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এএফসি সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন বলেন, “আমাদের জানা মতে, ইরান খেলবে।”
কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ইরানের খেলার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু এই মুহূর্তে তারা খেলছে। তারা খেলবে না- এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমাদের কাছে নেই।”
উইন্ডসর জোর দিয়ে বলেন, এএফসি চায় একটি “শীর্ষ দল” হিসেবে বিশ্ব ফুটবলের এই বড় আসরে ইরান অংশগ্রহণ করুক।
তিনি বলেন, “আমরা আশা করি তারা তাদের সমস্যাগুলো সমাধান করবে এবং বিশ্বকাপে অংশ নিতে পারবে।”
অন্যদিকে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ইরানি দলকে স্বাগত জানানো হবে, “কিন্তু আমি সত্যিই মনে করি না যে নিজেদের জীবন ও নিরাপত্তার কথা ভেবে তাদের সেখানে থাকা উপযুক্ত হবে।”
এদিকে ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক অস্ট্রেলিয়ায় রোববার তার আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাহার করেছেন।
নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের প্রতিনিধিদলের সাত সদস্য আশ্রয় প্রার্থনা করেছিলেন। অধিনায়কের আশ্রয় আবেদন প্রত্যাহারের পর এখন তাদের মধ্যে মাত্র দুজন অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
যেসব খেলোয়াড় ইরানে ফিরে যাচ্ছেন তারা বর্তমানে কুয়ালালামপুরে একটি হোটেলে অবস্থান করছেন এবং পরবর্তী যাত্রার জন্য অপেক্ষায় আছেন।
নারী দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে উইন্ডসর বলেন, দলটি কখন যেতে চায় সে বিষয়ে এএফসি তাদের সিদ্ধান্তে অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, “এটা তাদের সিদ্ধান্ত এবং আমরা সেটিকে সমর্থন করব।”