শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচের দুঃস্মৃতি ভুলে সিরিজে সমতা লক্ষ্য নিউজিল্যান্ডের।
হ্যামিল্টনে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুন্যে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে গুটিয়ে ৭ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। অভিষেক ম্যাচ খেলতে নেমে ৩.৩ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পেসার এনকোবানি মোকোয়েনা। তার সাথে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিতে অবদান রাখেন জেরাল্ড কোয়েৎজি-ওটনিল বার্টমান ও অধিনায়ক কেশব মহারাজ। তিনজনই ২টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন জেমস নিশাম।
৯২ রানের সহজ টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। অভিষিক্ত কনর এস্তেহুইজেনের ৪৮ বলে ৪৫ রান দলের জয়ে অবদান রাখে। ২০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।
প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও দলের কাছে দুর্দান্ত পারফরমেন্স চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহারাজ। ডাবল লিডের কথা উল্লেখ করে মহারাজ বলেন, ‘প্রথম ম্যাচে বোলাররা দারুণ পারফরমেন্স করেছে।
ব্যাটাররাও দায়িত্ব নিয়ে খেলেছে। আশা করি, পারফরমেন্সে ধারা অব্যাহত রাখবে সতীর্থরা। জয়ের ধারা অব্যাহত রেখে আমরা সিরিজে ডাবল লিড চাই।’
প্রথম ম্যাচ বাজেভাবে হারলেও, দ্বিতীয় ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টানার। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ভাগ্য আমাদের সাথে ছিল না। দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। সিরিজে সমতা ফেরাতে ব্যাটার ও বোলারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১৩টিতে এবং কিউইরা ৮টিতে জিতেছে।
দক্ষিণ আফ্রিকা দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, জ্যাক
ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, কোল ম্যাকোঞ্চি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোদি।