শিরোনাম

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী দক্ষিণ আফ্রিকা।
আজ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ৯১ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৩ উইকেটে ৯৩ রান তুলে ২০ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা।
মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স-আপ নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দুই পেসার জেরাল্ড কোয়েৎজি ও ওটনিল বার্টমানের বোলিং তোপে ৩৬ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরমধ্যে দু’টি করে উইকেট ভাগাভাগি করেন কোয়েৎজি ও বার্টমান। আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে মাত্র একজন দুই অংকে পা রাখতে পারেন। বেভন জ্যাকস ১০ রান করেন।
খাদের কিনারায় পড়ে যাওয়া নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন জেমস নিশাম, অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাকোঞ্চি। স্যান্টনারের সাথে ১৮ ও ম্যাকোঞ্চিকে নিয়ে ২৬ রান যোগ করেন নিশাম।
ইনিংসের মাঝের ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার এনকোবানি মোকোয়েনার বোলিং দৃঢ়তায় ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। নিউজিল্যান্ডের হয়ে নিশাম সর্বোচ্চ ২৬ ও স্যান্টনার-ম্যাকোঞ্চি ১৫ রান করে করেন।
অভিষেক ম্যাচ খেলতে নেমে ৩.৩ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন মোকোয়েনা। এছাড়া কোয়েৎজি-বার্টমান ও অধিনায়ক কেশব মহারাজ ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে টনি ডি জর্জি ২ ও রুবিন হারমান ৭ রানে আউট হলে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৮ রানে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে জেসন স্মিথকে নিয়ে ২৭ ও চতুর্থ উইকেটে ডিয়ান ফরেস্টারের সাথে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন অভিষিক্ত কনর এস্তেহুইজেন।
স্মিথ ১০ রানে থামলেও, এস্তেহুইজেন ৪৫ ও ফরেস্টার ১৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মোকোয়েনা।
আগামী ১৭ মার্চ হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।