বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:২৯

দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন ইরানের আরও তিন নারী ফুটবলার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার জন্য শরণার্থী ভিসা গ্রহণ করা ইরানের নারী ফুটবল দলের আরও তিন সদস্য নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

এর ফলে শুরুতে থাকা সাতজন খেলোয়াড়ের মধ্যে এখন মাত্র তিনজন অস্ট্রেলিয়ায় রয়ে গেলেন।

স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, “রাতারাতি ইরানের নারী ফুটবল দলের তিন খেলোয়াড় দলের বাকি সদস্যদের সঙ্গে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও বলেন, “অস্ট্রেলীয় কর্মকর্তাদের কাছে এই সিদ্ধান্ত জানানোর পর খেলোয়াড়দের তাদের বিকল্পগুলো নিয়ে কথা বলার জন্য বারবার সুযোগ দেওয়া হয়েছিল।”

ইরানের দলটি গত মাসে নারীদের এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় আসে। এর কিছুদিন পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। শুরুতে ২৬ সদস্যের স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড় এবং একজন সাপোর্ট স্টাফ মানবিক ভিসা গ্রহণ করে অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নেন। বাকি দল ৯ মার্চ সিডনি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে উড়ে যায়।

পরে তাদের মধ্যে একজন মত পরিবর্তন করে অস্ট্রেলিয়া ছেড়ে চলে যান। শনিবার রাতে আরও তিনজন সিডনি থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে রওনা দেন বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। দলটির বাকি সদস্যরা অস্ট্রেলিয়া ছাড়ার পর থেকে কুয়ালালামপুরে অবস্থান করছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়া সর্বশেষ তিনজনের মধ্যে দুজন খেলোয়াড় এবং একজন সাপোর্ট স্টাফ রয়েছেন। তারা নিজেদের পরিবার ও মাতৃভূমির উষ্ণ আলিঙ্গনে ফিরে যাচ্ছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।