বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:২৬

শেষ মুহূর্তে ডাউম্যানের রেকর্ড গোলে আর্সেনালের জয়, ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র ম্যান সিটির

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (বাসস) : ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান ইতিহাস গড়া গোল আর্সেনালকে শিরোপার আরও কাছে নিয়ে গেছে। শনিবার এভারটনের বিরুদ্ধে নাটকীয় ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ডবইয়ে নাম লিখিয়েছেন। অন্যদিকে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।

মিকেল আর্তেতার দল ২২ বছর পর প্রথম লিগ শিরোপার দিকে ভালভাবেই এগিয়ে যাচ্ছে। এক ম্যাচ কম খেলেও সিটির থেকে তাদের ব্যবধান এখন ৯ পয়েন্ট।

কঠিন প্রতিরোধ গড়া এভারটনের বিপক্ষে আর্সেনাল দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা কিশোর ডাউম্যান ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

৮৯তম মিনিটে ভিক্টর গিয়োকেরেস অবশেষে গোলের পথ খুঁজে পান। ডাউম্যানের ক্রসে এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠিকভাবে বল ধরতে না পারায় সেই সুযোগ কাজে লাগান তিনি। মাঠ ও গ্যালারিতে উচ্ছ্বাসের দৃশ্যই বুঝিয়ে দিচ্ছিল টানা চতুর্থ লিগ ম্যাচে জয়ের গুরুত্ব। ইনজুরি টাইমে আরও একটি গোল করেন ডাউম্যান। এভারটন কর্নার নিতে গেলে পিকফোর্ডও সামনে উঠে আসেন, তখন ডাউম্যান পুরো মাঠ দৌড়ে ফাঁকা জালে বল পাঠান।

আর্তেতা বলেন, “প্রতিবার ডাউম্যান বল পেলেই ম্যাচের চিত্র বদলে দিচ্ছিল। সে সুযোগ তৈরি করছিল এবং আমরা আরও বেশি হুমকি হয়ে উঠছিলাম। এই বয়সে, এমন চাপের ম্যাচে এমন পারফরম্যান্স করা সত্যিই অস্বাভাবিক।”

২০২০ সালের পর কোনো ট্রফি না জেতা আর্সেনাল এখনও চারটি শিরোপা জয়ের সম্ভাবনা ধরে রেখেছে।

ইনজুরিতে জর্জরিত এভারটনের বিরুদ্ধে ভাগ্যের সহায়তাও পেয়েছে আর্সেনাল। অনেকের মতে, তারা যদি শিরোপা জেতে তবে সাম্প্রতিক সময়ের তুলনায় কম আকর্ষণীয় খেলেও চ্যাম্পিয়ন হবে। তবে সামনে গুরুত্বপূর্ণ এক সপ্তাহ থাকায় আর্তেতা ও তার দল এ নিয়ে ভাবছেন না।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে। আর্সেনাল প্রথম লেগ ১-১ গোলে ড্র ছিল। এরপর ওয়েম্বলিতে লিগ কাপ ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

এদিকে দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করে ম্যানচেস্টার সিটির মৌসুম বিপদের মুখে পড়েছে। এই এক পয়েন্টের ফলে ওয়েস্ট হ্যাম তিন মাস পর প্রথমবারের মতো রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে।

মধ্য সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারের পর সিটি তাদের শেষ দুই লিগ ম্যাচে রেলিগেশন লড়াইয়ে থাকা দলের বিপক্ষে চার পয়েন্ট হারিয়েছে।

লন্ডন স্টেডিয়ামে বার্নার্ডো সিলভার ক্রস জালে প্রবেশ করলে সিটি এগিয়ে যায়। সিটির এই লিড অবশ্য বেশীক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিটেরও কম সময় পর কর্নার থেকে হেড করে সমতা ফেরান কনস্টান্টিনোস মাভ্রোপানোস।

দ্বিতীয়ার্ধে সিটি পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করলেও গোল করতে পারেনি। নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের গোলখরা এই ম্যাচের অব্যাহত ছিল।

ম্যাচের আগে পেপ গার্দিওলা বলেছিলেন শিরোপা দৌড়ে তাদের আর ভুলের সুযোগ নেই। ইনজুরি টাইমে মার্ক গুয়েহি সহজ সুযোগ নষ্ট করলে সিটির শিরোপা আশা প্রায় শেষ হয়ে যায়।

সিটি মিডফিল্ডার রড্রি বলেন, “হয়তো শেষ, হয়তো নয়। আমরা হাল ছাড়ব না, লড়াই চালিয়ে যাব।”

ওয়েস্ট হ্যামের জন্য এই ড্র টেবিলের নিচের দিকেও বড় প্রভাব ফেলেছে। নটিংহ্যাম ফরেস্ট এখন রেলিগেশন জোনে নেমে গেছে, আর টটেনহ্যাম গোল ব্যবধানে কোনমতে এগিয়ে আছে।

পঞ্চম স্থানে থাকা চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে নিউক্যাসলের কাছে হেরে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৫-২ গোলে হারের পর লিয়াম রোজেনিয়রের দল আবারও হতাশাজনক ফল পেল। ১৮তম মিনিটে জো উইলকের পাস থেকে গোল করেন গর্ডন।

স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে নিউক্যাসল নবম স্থানে উঠে এসেছে  শীর্ষ পাঁচের থেকে তারা এখন মাত্র ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে।

অন্য ম্যাচে ইয়ানকুবা মিনতেহর গোলে ব্রাইটন ১-০ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। আর বার্নলি ও বোর্নমাউথ গোলশূন্য ড্র করেছে।