শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ ২০২৬ (বাসস) : গতকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আইসিসি আচরণ বিধির লেভেল-১ ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আগাকে।
এছাড়া, সালমানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে তার আচরণবিধি ভঙ্গের এটি প্রথম ঘটনা।
সালমানের বিরুদ্ধে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। যেখানে বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা জিনিসপত্রের অপব্যবহার।’
পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে রানআউট হন ৬৪ রান করা সালমান। আউট নিয়ে অসন্তুষ্ট হওয়ায় সাজঘরে ফেরার সময় নিজের গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। যা আইসিসির আচরণ বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
ম্যাচ শেষে সালমানের বিপক্ষে অভিযোগ দেন দুই অনফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
পরে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি মেনে নেন সালমান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি আচরণ বিধির লেভেল-১ ভঙ্গ করলে আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে এবং পরের ম্যাচে পাকিস্তান বৃষ্টি আইনে ১২৮ রানে জয় পায়।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।