শিরোনাম

ঢাকা, ১৩ মার্চ ২০২৬ (বাসস) : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই সহকারী কোচ কোচ লুক রঞ্চি ও জ্যাকব ওরামকে পাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আগামী ১৫ মার্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এরপর এপ্রিলে বাংলাদেশ সফর করবে কিউইরা। একই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগেই চুক্তিবদ্ধ হওয়ায় তাদেরকে পিএসএলে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
ঘরের মাঠে আগামী ১৫-২৫ মার্চ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির পর এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে কিউইদের।
ঐ দুই সিরিজের সময় চলবে পিএসএল। ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্চি। তার সহকারী হিসেবে থাকবেন ওরাম।
নিউজিল্যান্ডের পারফরমেন্স ম্যানেজার মাইক স্যান্ডাল মনে করেন, দেশের বাইরে কোচিংয়ের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর ভালো সুযোগ পেয়েছেন রঞ্চি ও ওরাম।
স্যান্ডাল বলেন, ‘কোচিং অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ড ক্রিকেটের বাইরে দক্ষতা বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছে রঞ্চি ও ওরাম। আমাদের ক্রিকেটারদের মতো বিশ্বজুড়ে আমাদের কোচদেরও চাহিদা রয়েছে। আমরা বিশ্বাস করি, পিএসএলে কাজ করার সুবাদে রঞ্চি ও ওরাম শুধু ব্যক্তিগতভাবে উপকৃত হবে না, তারা এমন কিছু জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ফিরবে, যা ভবিষ্যতে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য সহায়ক হবে।’
রঞ্চি-ওরামের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারী হিসেবে কাজ করবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট-গ্রাহাম ও এনজেডসি নেটওয়ার্ক কোচ গ্রায়েম অলড্রিজ। বাংলাদেশ সফরে থাকবেন ক্যান্টারবুরির ব্রেন্ডন ডনকার্স।