বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৭:১৭

শীর্ষে রশিদ; উন্নতি বেথেল-কিশান ও স্যামসনের

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীতে পেছনে ফেলে শীর্ষে উঠেন রশিদ। 

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ভারতের ইশান কিশান ও সঞ্জু স্যামসনের।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনা ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ১০৭ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন রশিদ। এমন পারফরমেন্সে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেন তিনি। রশিদের রেটিং পয়েন্ট ৭৫৩।

শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন বরুণ। ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদানও রাখেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বরুণ। সেমিফাইনালে ৬৪ রানে ও ফাইনালে ৩৯ রানে ১টি করে উইকেট নেন। এজন্য রশিদের কাছে শীর্ষ স্থান হারালেন এই ডান-হাতি স্পিনার। ৭৪০ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন বরুণ। 

বিশ্বকাপের ফাইনালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন ভারত পেসার জসপ্রিত বুমরাহ। র‌্যাংকিংয়ে ৭০২ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়া বুমরাহ। 

৭ ম্যাচে ১১ উইকেট শিকার করে র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। সেমিফাইনালে ১টি ও ফাইনালে ৩টি উইকেট নেন তিনি। ৬৩৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে আছেন এই বাঁ-হাতি স্পিনার।

ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের বেথেলের। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬৬৮ রেটিং নিয়ে ১৬তম স্থানে উঠেন বেথেল। 

বিশ্বকাপে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন স্যামসন ও কিশান। স্যামসন ৩২১ ও কিশান ৩১৭ রান করেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্যামসন ৪৬ বলে ৮৯ ও কিশান ২৫ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া স্যামসন ১৮ ধাপ উন্নতি হয়েছে। ৬৩৭ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তিনি। 

র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতিতে স্বদেশি অভিষেক শর্মার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিশান। তার রেটিং ৮৭১। ৮৭৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অভিষেক। 

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ২৬ বলে ৫২ রানের ইনিংসে চার ধাপ এগিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠেছেন রানার্স-আপ নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট।

ফাইনালে ৯ রানে থামলেও, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন।