শিরোনাম

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বাসস) : আগামী বছর মেলবোর্নে টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তি উদযাপনের জন্য গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়া হয়েছে।
১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামী বছর মেলবোর্নে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের দুই দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৭৭ সালের শতবর্ষী টেস্টে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দলের সকল সদস্য এমসিজিতে উপস্থিত থাকবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজা বা রাজপরিবারের কোন প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে। বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি ম্যাচের শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার পরিকল্পনা।’
প্রথমবারের মত এমসিজিতে পুরুষদের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। তাই ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এরমধ্যে ঐতিহাসিক টেস্টে প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।
গ্রিনবার্গ আরও বলেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সাথে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানান, যারা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেট পরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক টেস্ট অধিনায়ক এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এমসিজি কর্তৃপক্ষ আশা করছে, এ উপলক্ষে লর্ডসের মেরিলিবোন ক্রিকেট ক্লাবে অ্যাশেজের ছাইদানি আনা সম্ভব হবে।